আত্মা, আমি ও তুমি
আমি কে?এই প্রশ্নে রাত হয়, হয় ভোর
দেহের ছায়া সরে যায়, কে যেন ডাকে।
নাম,রূপ, রং ভাঙে নীরবতায়,
আত্মা থাকে? বদলায় না কেন সময়?
জাগ্রত হয়ে আত্মা সে আলো হয়ে দেখে,
স্বপ্নে সে রং হয়ে মেখে মেখে
সুষুপ্তিতে গভীর! গভীর সমুদ্র,
ঢেউ নেই, তবু আনন্দ আত্মা, অদ্ভুত
শব্দে ধরা পড়ে না তার সঙ্গীত,
তবু ওঁ- এ মেলে ধরে তার পরিচয়,স্থান।
আসা-যাওয়া নয়, সে সাক্ষী, কালের, মহাকালের
চোখ খুললেও থাকে অদৃশ্য আকাশ
ভয়ের আগে সে নির্ভয়,
ভেদের শেষে অদ্বয়।
খোঁজার আগেই সে পাওয়া,
হারানোর আগেই সে চাওয়া।
যে দেখছে তাকেই সে জানে,
জানার মাঝেই সে মানে।
আমি নই, তুমিও নও—এই মায়া,
আত্মাই শুধু, নিত্য-সত্যের ছায়া।
আমি এখন আমাকেই খুঁজে বেড়াই
কেউ যদি নিজের আত্মা খুঁজে পাও
আমাকে ডেকো
তুমি আমি মিলে আত্ম পরিচয় বর্ননা করবো
মায়া কি আত্মা?
চোখের ভাষায় লিখে দিও আমরা বিলিন হয়ে যাবো মহা,মহাপ্রকৃতির কোলে।
আমি তুমি আমরা মায়া -প্রকৃতি নই তো!
