May 15, 2026 11:28 pm

Writer, Politician, Freethinker, Activist

May 15, 2026

Writer, Politician, Freethinker, Activist

এক গ্লাস জলের আত্মকাহিনী

Spread the love

এক গ্লাস জলের আত্মকাহিনী

আমি এক গ্লাস জল—
স্বচ্ছ বলেই আমাকে সহজ ভাবে নিও না,
আমার ভিতরে ভিতরে
ঘুমিয়ে আছে সকল সমুদ্রের প্রাচীন স্মৃতি।

একদিন মেঘ ছিলাম আমি
আকাশের কপালে ভাসমান অস্থির স্বপ্নের গান
বজ্র আমাকে ডেকে নিয়ে যেত চড়ুইভাতি খেলতে
বিদ্যুৎ লিখে যেত আমার জন্মপঞ্জিকা

তারপর মাঝে মাঝে দেবতা বরুনের সাথে কানামাছি খেলতে খেলতে
বৃষ্টি হয়ে নেমে আসি ভূমিতে
মাটির গন্ধে ভিজে
আমি মানুষ পশুপাখি বৃক্ষদেবীদের সাথে এককার হয়ে যাই

নদী আমাকে আঁচলে বহন করে
পাথর আমাকে আঘাত করে নাকি আমি পাথরে আছড়ে পরি তা বুঝতে পারি না
তবে আমি জল, শিখেছি, সব আঘাত আঘাত নয়
আঘাতও এক প্রকার আদর সুখ
তাই আমাকে নদীতে সমূদ্রে ফেলে দিলে, গ্লাসে ঢেলে দিলে
আমি আহত হয়নি কখনো।

কখনো আমি হয়ে যাই অশ্রু,
কারো চোখের ভিতর গোপনে মহাপ্রলয় হয়ে উঠি
কখনো ঘাম.. শ্রমিকের দেহে জলকে ঘাম হয়ে বইয়ে যেতে দেখেছ?
সেই এক গ্লাস জলের ঘাম মানুষের সম্মিলিত পাপ,মহাপাপ

জল,আজ আমি স্থির—
ছোট্ট এক কাঁচের দেয়ালের ভিতরে বন্দী করে রেখেছে কেউ
তুমি আমাকে তুলে ধরো আলোয়
দেখো স্বচ্ছতার স্ফুরণ
কিন্তু আমি?
আমি দেখি তোমার মুখের অস্পষ্টতা ছোট ছোট আর্তনাদ

তোমার ঠোঁট ছুঁতেই
আমি
আবার যাত্রা শুরু করি আমার যাত্রা কখনোই থামে না,
তোমার শরীরে গভীরে ঢুকে যাওয়া মাত্রই
আমি রক্তের স্রোত হয়ে যাই, তোমার চোখ তা দেখে না
জলের হৃদস্পন্দনের অদৃশ্য ঢেউ,
সে দৃষ্টিশক্তি ঋষিদের ছাড়া কারো নেই ছিলো না কখনো তা

তুমি ভাবো
আমাকে পান করে চলেছ তুমি
সত্য এই যে আমিই তোমাকে প্রবাহিত করি বাঁচিয়ে রাখি।

দেখে নিও
একদিন আমি আবার বাষ্প হয়ে যাবো,
ফিরে যাবো আবার সেই আকাশের বুকে
মেঘ হয়ে ভাসবো, হাসবো, নাচবো, খেলবো
দেখবো অপ্সরাদের নৃত্য।
আবার আবার বৃষ্টি হয়ে নামবো আমি জল বৃষ্টি ফোঁটা হয়ে
হয়তো হয়তো তোমারই জানালায় পাশে দেখবো তোমাদের অভিসারও
কেবল অপ্সারাদের নৃত্য দেখে জলের দৃষ্টিতে তৃপ্তি আসে না।

আমি জল, জল কখনো শেষ হয় না, মরেও না
জল আমি, আমি কেবল রূপ বদলাই অবারিত সবুজ প্রান্তের মত।

আমি এখন এক গ্লাস জল বলে
ছোট করে ভেবো না আমাকে,
আমার গভীরে
স্রোত,সমুদ্রের অনন্ত গুঞ্জন,সুর,সাধনা মায়া
আলিঙ্গন, সঙ্গম,সৃষ্টির বেদনা, উল্লাস, আরাধনা অস্থিরতাও আছে।
আর সাদা চোখে দেখবে কেবল
মেঘের উড়ান,
কখনো মানুষের অশ্রু রুপেও!
আর আমার ভিতর খুজে পাবে আকাশের অসীম নীল রং।

আমি জল—
স্বচ্ছ
এক গ্লাস জল, আমার রহস্য ও সৃষ্টি বুঝতে তোমাকে একদিন ঋষি হতে হবে,
ঋষি হতে অরণ্য যেতে হয়,না হয় ভাসতে হয় মেঘের উপর
আমি জল দুই স্থানেই খুজে পাবে আমায়,এক গ্লাস জল


Spread the love
Tags :

Grid News

Latest Post

Find Us on Youtube