ফুল আর ফোটে না ফোটার ভান করে মাত্র!
ফুল আর ফোটে না এখন,
কেন ফোটার ভান করে মাত্র!
যেন তার সৌন্দর্যও
ক্লান্ত হয়ে গেছে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে দিতে।
এক সময় ফুল ছিল প্রশ্ন,
এখন সে উত্তর—
নীরব, নিথর, চূড়ান্ত, ব্যাখ্যাহীন।
পৃথিবীর কোল ঘেঁষে দাঁড়িয়ে বুঝে গেছে ফুল
সব আলো ভোর হয় না,
সব সুবাস ডাকে না কাউকে নিকটে
হাওয়া তাকে আর করে না আলিঙ্গন,ছোঁয় না আগের মতো
কারণ হাওয়াও এখন ছলনা শিখেছে, বিষাক্ত তাই।
সময় তো থেমে থাকে না—
তাই এক সময়
ফুলের কাছে ধীরে ধীরে এসে হাঁটু গেড়ে বসে থাকে,কাঁদে
ফুল আকাশের দিকে তাকিয়ে ঘোষনা করে
বার বার ঝরে পড়া মানে হারিয়ে যাওয়া নয়,
বরং রূপ বদলে
মাটিতে মিশে যাওয়া আবার ফিরে আসা স্পর্শের আশায়।
ফুল, ফুলের পাতায় কাঁটায় আমরা কি খুঁজি?
আমি বুঝি— এখন
ফুল তো নয় কেবল প্রকৃতির অলংকার,
ফুলেরা প্রকৃতির চোখ,ভাষাও।
সে চোখ ও ভাষা
বুঝতে হলে প্রেমিক প্রেমিকা হতে হয়, নয় তো দেবী-দেবতা।
আমি একদা প্রেমিক-প্রেমিকা হতে চাইতাম
আমি একদা চাইতাম দেবতা-দেবী হতে,
এখন আমি ফুল হতে চাই ক্ষণস্থায়ী ফুলেরা কি অমর?
ফুলেরা অময় নয় তবে পূুনর্জন্মী
ফুলদের পাপ নেই তবুও তাদের মোক্ষ লাভ হয় না কেন?
মোক্ষ লাভ করতে চাইলে বোধয় আগে পাপী হতে হয়!
প্রেমিক প্রেমিকা দেবী দেবতার হাতে গলায় শোভা পায়
এমন কি পদ তলেও ফুলেরা ফুলই থাকে
ফুলদের সন্মান সৌন্দর্য লুটিয়ে পরে না কখনো
আমি অমর হতে চাই না
তবে ফুলের মত
নিষ্পাপ পুনর্জন্মী হতে চাই মোক্ষও প্রার্থনা করি না আর।
ফুল জন্মায় আলোকে ছুঁয়ে, মাটির বুকে নীরবে,
কাঁটার মাঝেই কোমল হয়ে থাকা শেখায়
রোদ্দুরের কাছে রঙ ধার নেয় প্রতিদিন,
রামধনুর সাত রং, শত রংঙে বদলে দেয় তার পাপড়িগুলো
হাওয়ার কানে কানে বলে সুবাসের কথা।
সুবাসও গীত হয়ে ভেসে বেড়ায়
ফুল জানে না রাজা কে, জানে না কোন যুদ্ধের নাম,
তবু সে জয় করে নেয় মানুষের চোখ ও হৃদয়ের রাজ্য।
এক মুহূর্তে ফুল ফুটে হয়ে উঠে চিরন্তন
তার সনাতন,নবীন রুপ গোপন সৌন্দর্যে ভরে তোলে পৃথিবী।
ফুল ঝরে যায়, মরে যায়—অভিযোগ করে না কখনো
ঝরে,মরে মাটিকে দিয়ে যায় রঙিন স্মৃতি।
ছোট্ট জীবনের মধ্যেই ফুলেরা শেখায়—
সুন্দর,বিচিত্র হওয়াই সবচেয়ে বড় প্রতিশোধ ও সফলতা।
ফুলেরা আজ আমার সাথে ঘুম ভাঙা আলোয় কথা বলছিল,
তাদের কপাল ও ঠোঁটে লেগে ছিল শিশিরের নিঃশব্দ চুম্বন।
আমি ছুঁতে দিতেই তারা সরে গেল ছায়ার ভেতর,
রঙের আড়ালে লুকিয়ে রাখল মুচকি হাসি হৃদয়ের কাঁপন।
ফুলেরা জানে, সৌন্দর্য মানে শুধু ভোগ নয় ধরা পড়া নয়,
বরং মুহূর্তে মুহূর্তে হারিয়ে যাওয়া কোলাহল
হাওয়ার সাথে তাদের যেন গোপন চুক্তি আছে কোন
তাই সুগন্ধের ভাষায় লিখে দেয় শুভ বিদায়।
দুপুরের রোদে ফুলেরা নত হয় না,
রাত্রির অন্ধকারেও নিভে যায় না তারা
চাঁদের চোখে চোখ রেখে ফুলেরা শেখে—
নিঃসঙ্গতা মানেই অপ্রেম নয়, শূন্যতা নয়,বিরহ নয়
ফুলেরা ঝরে পড়লে পৃথিবী কাঁদে না,
তবে মাটি দীর্ঘশ্বাস ফেলে নীরবে।
ফুলেরা একটি অনুভব,
জনম জনম ধরে জন্মায়—আর ছায়ার মতো মিলিয়ে যায়।
